হবিগঞ্জ প্রতিনিধি :
বিবিয়ানা গ্যাস ফিল্ডের আমদানিকৃত মূল্যবান যন্ত্রাংশ ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে লুণ্ঠিত সরঞ্জাম উদ্ধার ও চার আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট রেঞ্জের বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। অপরাধ দমন ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সঞ্চালনা করেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর দিবাগত রাতে বাহুবল উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্বৃত্তরা একটি কাভার্ডভ্যানের চালকের হাত-মুখ বেঁধে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিবিয়ানা গ্যাস ফিল্ডের আমদানিকৃত যন্ত্রাংশ ছিনতাই করে নিয়ে যায়। গুরুত্বপূর্ণ এসব সরঞ্জাম ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর বাহুবল মডেল থানা পুলিশ অভিযান শুরু করে। ধারাবাহিক অভিযানে চারজনকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য আমদানিকৃত মূল্যবান সরঞ্জাম ছিনতাইয়ের পর দ্রুততম সময়ে অভিযান পরিচালনা, জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে বাহুবল থানা পুলিশের তৎপরতা বিশেষভাবে বিবেচনায় আসে। এ ঘটনায় নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবেই ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদারকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সভায় অক্টোবর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সভায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং হত্যা, ডাকাতি, ধর্ষণ, গণধর্ষণ ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া আসন্ন শীত মৌসুমে সিলেট বিভাগের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, দেশে আগত প্রবাসীদের জানমালের সুরক্ষা, বৈধ ইজারাদারদের মাছ আহরণে প্রতিবন্ধকতা দূর করা এবং সড়ক-মহাসড়কে চাঁদাবাজি, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপরও জোর দেন ডিআইজি।
সভায় অপরাধ দমন, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের মোট আটজন পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। তাঁদের মধ্যে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার অন্যতম।
সভায় সিলেট রেঞ্জের অধীন চার জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ এবং ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা সভায় অংশ নেন।
![]()
