গাজী রিয়াজ হোসেন :
“সুস্থতার জন্য দৌড়”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হাজীগঞ্জ মিনি ম্যারাথন-২০২৬ (সিজন-১)। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শনিবার (১৪ নভেম্বর) সকালে এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মোট ৭৫৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিযোগিতায় ১৫-৩০ বছর (এ), ৩১-৪০ বছর (বি), ৪১-৬০ বছর (সি) এবং নারী (এফ)—এই চারটি ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতার নির্ধারিত দূরত্ব ছিল ৬ কিলোমিটার। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজার বিশ্বরোড, বদরপুর মোড় হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে দৌড় শেষ হয়।
আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা, প্রথম রানারআপকে ৩ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপকে ২ হাজার টাকা প্রাইজমানি দেওয়ার ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি প্রতিটি গ্রুপের প্রথম তিনজন বিজয়ীকে ক্রেস্ট ও মেডেল এবং পরবর্তী ২০ জন প্রতিযোগীকে মেডেল দিয়ে পুরস্কৃত করার আয়োজন করা হয়।
৭৫৫ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এ ম্যারাথন হাজীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের মধ্যে শরীরচর্চা, খেলাধুলা ও সুস্থ জীবনযাপনের প্রতি আগ্রহ বাড়বে।
বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে স্বাস্থ্যসচেতন করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ মিনি ম্যারাথন সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
স্লোগান: সুস্থ দেহ সুন্দর মন, গড়বো আগামীর বাংলাদেশ।
![]()
