মেঘনাপোস্ট ডেস্ক :
চাঁদপুরের হাজীগঞ্জে স্বামীর মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে নাছিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকার সিরাজ খাঁন বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে কীটনাশক পানের পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাছিমা আক্তার ওই এলাকার বাসিন্দা মো. মহসিনের স্ত্রী। স্বামী মহসিনের বিরুদ্ধে স্ত্রীকে একাধিকবার মারধর এবং মাদক সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে। তিনি ওই বাড়ির মৃত ফজর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনের শুরুতে মহসিন অটোরিকশা চালাতেন। পরবর্তীতে তিনি মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় নাছিমাকে বিভিন্ন সময় মারধর করা হতো বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
সর্বশেষ শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় মহসিন তার স্ত্রীকে একাধিকবার মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় নাছিমা কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে স্বামী মহসিন বাড়ি থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ ও অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
![]()
