গাজী রিয়াজ হোসেন :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) তিনি চাঁদপুর শহরের একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের অবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন। পূজামণ্ডপে আগত ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখা, নজরদারি জোরদার করা এবং পুলিশ সদস্যদের সঙ্গে স্বেচ্ছাসেবকদের নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশনা দেন।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, “শারদীয় দুর্গাপূজা যেন উৎসবমুখর, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভক্ত ও দর্শনার্থীরা যাতে নিরাপদে ও নির্ভয়ে উৎসবে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
চাঁদপুর জেলা পুলিশ জানায়, জেলাজুড়ে শারদীয় দুর্গোৎসব নিরাপদ ও আনন্দময় করতে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
![]()
