শাহরাস্তি প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ভিডিওটি নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেন। বিভিন্ন সূত্রের দাবি, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে মঙ্গলবার ভোরে মুদাফফরগঞ্জ-চিতোষী সড়কে মিছিলটি বের করা হয়। পরে দুপুরে নিজের ফেসবুক আইডিতে মিছিলের ভিডিওটি পোস্ট করেন সুজন।
ভিডিওটি প্রকাশের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা সুজনকে স্বাগত জানিয়ে সেটি শেয়ার করেন বলে জানা গেছে।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন জানান, লাকসাম, মনোহরগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সকালে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মিছিলের ভিডিওর লিংক তিনি পেয়েছেন। তাঁর ধারণা, মিছিলটি আগেই অনুষ্ঠিত হয়েছে; মঙ্গলবার শুধু ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
ওসি আরও জানান, শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চণ্ডীপুর এলাকায় মিছিলটি হয়ে থাকতে পারে। পূজার নিরাপত্তায় পুলিশ ব্যস্ত থাকার সুযোগ কাজে লাগিয়ে মিছিলটি করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
তিনি বলেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
![]()
