নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুরের হাজীগঞ্জে চুরি হওয়া একটি পিকআপ নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আনোয়ার হোসেন ওরফে ভাসানী (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে নোয়াখালীর সুধারাম থানাধীন দত্তের হাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেন নোয়াখালীর কবিরহাট থানার উত্তর জগদানন্দ এলাকার আমিন উল্যাহর ছেলে।
পুলিশ জানায়, হাজীগঞ্জ থানায় দায়ের করা চুরির মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়ার নির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) নূরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। পরে গ্রেপ্তার ব্যক্তির দেখানো মতে চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ওসি মো. কাওসার আলম ভূঁইয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
![]()
