• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

উজানী মাদরাসার মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমানের জানাজায় হাজারো মুসল্লি

Bymeghnapost .online

Oct 20, 2026

গাজী রিয়াজ হোসেন :

চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদরাসার মুহাদ্দিস ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমানের জানাজায় হাজারো মুসল্লি অংশগ্রহণ করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উজানী মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

প্রিয় উস্তাদকে শেষবারের মতো বিদায় জানাতে কচুয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন আলেম-ওলামা, শিক্ষার্থী, ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মুসল্লিরা। জানাজাকে কেন্দ্র করে মাদরাসা প্রাঙ্গণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেককে অশ্রুসিক্ত নয়নে মরহুমকে শেষ বিদায় জানাতে দেখা যায়।

এর আগে রোববার (১৮ অক্টোবর) রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মাওলানা মিজানুর রহমান। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উজানী মাদরাসাসহ কচুয়া ও আশপাশের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্তেকালের আগে তিনি কচুয়া উপজেলার ধামালুয়া গ্রামে একটি মাহফিলে ওয়াজ করেন। মাহফিল শেষে বাড়িতে ফিরে শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। পরে ওই রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা মিজানুর রহমান চাঁদপুর জেলার মতলব উপজেলার রাজাপুর চিড়াইও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কওমি মাদরাসায় পড়াশোনা শেষ করে তিনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদরাসায় দীর্ঘদিন সুনাম ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে অংশ নিয়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বাণী প্রচার করতেন।

জ্ঞান, আদর্শ, ধর্মীয় শিক্ষা ও দ্বীনি খেদমতের মাধ্যমে তিনি অসংখ্য শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। তার ইন্তেকালে ইসলামী শিক্ষাঙ্গন ও দ্বীনি অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে শোক প্রকাশ করেছেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *