নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের হাজীগঞ্জে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াদ হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) হাজীগঞ্জ পৌরসভার বদরপুর এলাকার বটতলা মোড়ে অলি আহম্মেদের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দখল থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার রিয়াদ হোসেন হাজীগঞ্জ উপজেলার বেলঘর (হাটখোলা বাড়ি) এলাকার মো. ইসমাইল হোসেন ও পেয়ারা বেগমের ছেলে।
হাজীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করছিল পুলিশ। এ সময় হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) নূরে আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করেন। পরে তাঁর দখল থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা নম্বর ২৮, তারিখ ১৬ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা রুজু করা হয়েছে।
পরে গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
