গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার দিকনির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে হাজীগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জের মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২)কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। এছাড়া শাওনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
গ্রেপ্তার ছয়জনকেই শুক্রবার যথাসময়ে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
![]()
