• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে জমে উঠেছে ইলিশের বেচাকেনা

Bymeghnapost .online

Oct 3, 2026

গাজী রিয়াজ হোসেন :

আগামী ৮ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শুরু হচ্ছে ২২ দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শুরুর আগে নদীতে ইলিশের সরবরাহ বাড়ায় চাঁদপুর বড়স্টেশন মাছঘাটসহ আমিরাবাদ ও বাবুর বাজার মৎস্য আড়তে জমে উঠেছে ইলিশের বেচাকেনা।

সরবরাহ বাড়ায় বিভিন্ন আকারের ইলিশের দামও কিছুটা কমেছে। কেজিপ্রতি দাম কমেছে প্রায় ২০০ থেকে ৩০০ টাকা। ফলে নিষেধাজ্ঞার আগে ইলিশ কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা চাঁদপুরের মাছঘাটগুলোতে ছুটে আসছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকেই বড়স্টেশন মাছঘাটে জেলে ও ব্যবসায়ীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। ছুটির দিন হওয়ায় ক্রেতাদের উপস্থিতিও ছিল বেশি। ইলিশের সরবরাহ, দরদাম ও কেনাবেচায় মুখর হয়ে ওঠে পুরো মাছঘাট।

ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরে ঘাটে ইলিশের সরবরাহ তুলনামূলক বেড়েছে। এর প্রভাবে দামও কিছুটা কমেছে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে। আর ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম পড়ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা।

ইলিশ ব্যবসায়ী ফুলচান বর্মন বলেন, গত দুই দিন ইলিশের দাম আরও কিছুটা কম ছিল। তবে শুক্রবার সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় দাম কিছুটা ওঠানামা করছে। নিষেধাজ্ঞার আগের কয়েকদিন নদী থেকে ইলিশের সরবরাহ বাড়লে দাম আরও কিছুটা কমতে পারে।

আরেক ব্যবসায়ী জুয়েল মীর বলেন, নিষেধাজ্ঞা সামনে রেখে অনেক ক্রেতা আগেভাগেই ইলিশ কিনতে ঘাটে আসছেন। শেষ সময়ে নদীতে ইলিশ আহরণ ও সরবরাহ বাড়লে বাজারে বেচাকেনা আরও জমে উঠবে বলে আশা করছেন তারা।

ঢাকা থেকে ইলিশ কিনতে আসা মোবারক হোসেন বলেন, চাঁদপুরের ইলিশ টাটকা এবং স্বাদেও আলাদা। আগে চাঁদপুরে এসে এক কেজি ইলিশের দাম প্রায় ৩ হাজার টাকা পেয়েছিলেন। এখন দাম কিছুটা কমেছে। দাম আরও কমলে সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হবে।

তিনি আরও বলেন, ঢাকার বাজারেও ইলিশ পাওয়া যায়। তবে চাঁদপুরের ইলিশের স্বাদ ও ঘ্রাণের কারণে এখান থেকে কিনতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেক ক্রেতা। নিষেধাজ্ঞার আগে তাই দূর-দূরান্ত থেকে অনেকে বড়স্টেশন মাছঘাটে আসছেন।

ব্যবসায়ীদের প্রত্যাশা, নিষেধাজ্ঞা শুরুর আগে নদীতে ইলিশ আহরণ ও ঘাটে সরবরাহ আরও বাড়বে। এতে ক্রেতাদের উপস্থিতি ও বেচাকেনা আরও বাড়তে পারে।

নিষেধাজ্ঞার আগে শেষ সময়ে তাই চাঁদপুর বড়স্টেশন মাছঘাট এখন ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম। ইলিশের সরবরাহ, দাম ও বেচাকেনাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন জেলে ও ব্যবসায়ীরা।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *