• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

ডিসি গোল্ডকাপে কচুয়াকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফরিদগঞ্জ

Bymeghnapost .online

Nov 16, 2026

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুরে অনুষ্ঠিত ২২তম জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় পেয়েছে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। রোববার (১৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফরিদগঞ্জ উপজেলা দল।

বিগত টুর্নামেন্টগুলোর পারফরম্যান্স বিবেচনায় ফেভারিট হিসেবে মাঠে নামে ফরিদগঞ্জ। জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার রেজাউল করিম রেজার নেতৃত্বে শুরু থেকেই গোছানো আক্রমণ ও দাপুটে ফুটবল প্রদর্শন করে দলটি।

ম্যাচের প্রথমার্ধে কচুয়া উপজেলা দল সমানতালে লড়াই করে ফরিদগঞ্জের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে ফরিদগঞ্জের এক ফরোয়ার্ডের আক্রমণ ঠেকাতে গিয়ে কচুয়ার রক্ষণভাগের খেলোয়াড় ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফরিদগঞ্জের পুষ্প।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফরিদগঞ্জ। এ সময় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ১৪ নম্বর জার্সিধারী নাজমুল হোসেন। মাঠে নেমেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পরপর দুটি গোল করেন তিনি। তার জোড়া গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফরিদগঞ্জ উপজেলা দল।

খেলায় কচুয়া দলের তুলনায় ফরিদগঞ্জের সমর্থকদের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জমজমাট এ ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল ও বর্তমান কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন জনু এবং চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক বেলাল হোসেন চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মনজিল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল, টিম ম্যানেজার নুরুন্নবী নোমান, সদর উপজেলা ফুটবল দলের কোচ জাহাঙ্গীর গাজী, জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা দলের কোচ স্বপন ও আমিন মোল্লা, অঙ্গনা ক্রীড়া চক্রের রিফাই, মহসিন পাটওয়ারীসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এদিকে, আজ সোমবার (১৬ নভেম্বর) ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *