গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযানে আরও ১৯ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিয়া নূর এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে গ্রেপ্তার হওয়া ২৮ জনের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মী, জিআর মামলার আসামি ও সাজাপ্রাপ্ত ছয়জন, মাদকসংশ্লিষ্ট পাঁচজন এবং চাঁদাবাজির অভিযোগে একজন রয়েছেন।
গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে ছয়জন, ফরিদগঞ্জ থেকে চারজন, মতলব দক্ষিণ থেকে দুজন, হাজীগঞ্জ থেকে দুজন এবং শাহরাস্তি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থেকে দুজন, মতলব উত্তর থেকে দুজন এবং হাজীগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ২২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চাঁদপুর সদর মডেল থানা এলাকায় চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ১৯ জনকে আটক করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর থেকে চারজন, হাইমচর থেকে একজন, ফরিদগঞ্জ থেকে পাঁচজন, মতলব উত্তর থেকে ছয়জন এবং হাজীগঞ্জ থেকে তিনজন রয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া বিভিন্ন মামলার আসামি ও সাজাপ্রাপ্ত ছয়জনকে হাইমচর, মতলব উত্তর, শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
![]()
