নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে হাওলাত দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন সোহাগ হোসেন নামে এক ব্যক্তি। বাড়িতে গিয়ে তাকে ঘর থেকে বের করে মাথায় লাইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত মুরাদ হোসেন আটিয়ার বিরুদ্ধে।
শুক্রবার (১ নভেম্বর) রাতে হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের দেশগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ হোসেনের স্ত্রী হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী সোহাগ হোসেন জানান, প্রায় দুই মাস আগে তার বড় ভাইয়ের কাছ থেকে মুরাদ হোসেন টাকা হাওলাত নেন। ওই টাকা ফেরত চাইলে মুরাদ তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন। এর জেরে ঘটনার দিন রাতে মুরাদ লোক পাঠিয়ে তাকে ঘর থেকে বের করে আনেন। পরে এলোপাতাড়ি লাইট দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
সোহাগের বড় ভাই জানান, মুরাদ এলাকার একজন চিহ্নিত জুয়াড়ি। তার দাবি, তার ভাইকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ভুক্তভোগীর মা জানান, আহত অবস্থায় সোহাগকে কুমিল্লা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে কয়েকদিন চিকিৎসা নিতে হয়েছে। তার মাথায় আটটি সেলাই দিতে হয়েছে। ছেলের ওপর হামলার বিচার দাবি করেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, মুরাদ স্থানীয় বিভিন্ন ব্যক্তির সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ ও মারামারিতে জড়ান। তারা এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মুরাদ হোসেন আটিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
![]()
