• Tue. Nov 17th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার আন্তরিক, শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

Bymeghnapost .online

Nov 5, 2026

হবিগঞ্জ প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে হবিগঞ্জের বাহুবল উপজেলা সফর করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সফরকালে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির কার্যক্রম পর্যালোচনা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তিন দিনের সরকারি সফরের শেষ দিনে তিনি বাহুবলে পৌঁছান। এর আগে সফরের দ্বিতীয় দিন বুধবার (৪ নভেম্বর) মাধবপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া এবং বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় হবিগঞ্জ সার্কিট হাউস থেকে বাহুবলের উদ্দেশে যাত্রা করেন প্রতিমন্ত্রী। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির বাস্তবায়ন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্টানে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া,শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান শিক্ষকেরা নিজ নিজ বিদ্যালয়ের নানা সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণিকক্ষের পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের ভারসাম্য এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকারি ফিডিং কর্মসূচির যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়গুলোতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষকদের উত্থাপিত দাবি ও সমস্যাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের পুষ্টি ও শারীরিক বিকাশের বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সরকারি ফিডিং কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি ও শেখার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী বাহুবল উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে বাহুবলের শিক্ষা অঙ্গনে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষকদের আশা, মতবিনিময় সভায় উত্থাপিত সমস্যাগুলো শুধু আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নের উদ্যোগ পাবে।

বিশেষ করে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং ফিডিং কর্মসূচির কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়