রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মাদক ও বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন কিশোরপুর মালোপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে এসআরবি-৫-এর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল।
অভিযানে উদ্ধার করা হয় ৫৩ বোতল কোডিনযুক্ত ইস্কাফ, ৩৯ বোতল উইন সেরেক্স কফ সিরাপ, ৪ বোতল ওল্ড মঙ্ক রাম (১৮০ মিলি), ৫ বোতল ওল্ড মঙ্ক রাম (৩৭৫ মিলি), ১০ বোতল মাউন্টেন ওক হুইস্কি (১৮০ মিলি) এবং ২ বোতল অফিসার্স চয়েস হুইস্কি (৭৫০ মিলি)।
এসআরবি সূত্রে জানা যায়, অভিযান শেষে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও উদ্ধারকৃত মাদক ও মদের কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক ও মদ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত বাঘা থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো আসামি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মাদক ও মদ উদ্ধারের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
![]()
