• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

বাহুবলে গভীর রাতে অভিযান: বালু উত্তোলনে দুইজনকে জরিমানা, সড়ক আইনে আরও একজন দণ্ডিত

Bymeghnapost .online

Oct 30, 2026

বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে গভীর রাতে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে অপর একজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের যথাক্রমে তিন মাস ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার সাতকাপন খেলার মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাহুবল মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ফজল ইসলাম (ঠিকানা: পুরান মৌড়ি) ও সালমান মিয়াকে (ঠিকানা: করিমপুর) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রায়হান আহমদ নাবিল (ঠিকানা: হরিতলা) নামের অপর একজনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে ভ্রাম্যমাণ আদালতের আদেশে উল্লেখ করা হয়।

এর আগে বাহুবল মডেল থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করেন। পরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ ও প্রযোজ্য আইনের ভিত্তিতে পৃথকভাবে দণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনসহ পরিবেশ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন অমান্য করে যানবাহন পরিচালনা বা পরিবহনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গভীর রাতে প্রশাসনের এ অভিযানে এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *