নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অন্যত্র পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ২ নং বাকিলা ও দ্বাদশগ্রাম ইউনিয়নে পরিচালিত এ অভিযানে আনুমানিক ১৫০টি ড্রেজার পাইপ বিনষ্ট এবং তিনটি ড্রেজার মেশিন বিকল করা হয়েছে।
হাজীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজসংলগ্ন নাসিরকোট মৌজার বেতাগি বিলে কৃষিজমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত ড্রেজার পাইপ ও মেশিনের সন্ধান পাওয়া যায়।
অভিযানকালে ঘটনাস্থলে কোনো অভিযুক্তকে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, দিনের বেলায় ড্রেজার পাইপ ও মেশিন স্থাপন করে রাখা হয়। পরে রাতের আঁধারে এসব মেশিন চালু করে পাইপের মাধ্যমে কৃষিজমির উর্বর মাটি কেটে অন্যত্র পরিবহন করা হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে জানা গেছে।
অবৈধভাবে টপসয়েল কাটার ফলে পার্শ্ববর্তী কৃষিজমি ধসে পড়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে।
অভিযানকালে দুটি পৃথক স্থান থেকে আনুমানিক ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে পাওয়া তিনটি ড্রেজার মেশিন বিকল করা হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন করা না যায়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি অবৈধভাবে কাটা বন্ধ এবং কৃষিজমি সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
![]()
