গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিজ মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (তরুণ) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাব্বির হোসেন উপজেলার মোহনপুর ইউনিয়নের আইঠাদি মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা নূরে আলম ভূঁইয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নিজ মুরগির খামারে কাজ করছিলেন সাব্বির। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাব্বিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর বাড়িতে শোকের মাতম শুরু হয়। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। অল্প বয়সে পরিবারের বড় ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা।
তাঁর এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোক ও সমবেদনার সৃষ্টি হয়েছে।
