গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভুয়া ডিগ্রিধারী চিকিৎসকসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার চাঁদখার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে মিথ্যা ডিগ্রি ব্যবহার করে রোগী দেখা ও চিকিৎসাসেবা প্রদানের অপরাধে মাতৃ মেডিকেল হলের শুধাংশু চন্দ্র শর্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে রামকৃষ্ণ হোমিও ফার্মেসিকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণের দায়ে আজিজ হোটেলকে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় মির্জা সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং পচা-বাসি খাবার ধ্বংস করা হয়েছে। পাশাপাশি বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের অধিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য ও সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
![]()
