গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে কচুয়া থানাধীন ৪ নম্বর পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পালাখাল গ্রামের নান্নু মিয়ার বসতঘরের সামনে থেকে মুরছালিন মজুমদার (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মুরছালিন মজুমদারের বিরুদ্ধে কচুয়া থানায় এফআইআর নং-৩৪, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।
অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে কচুয়া থানাধীন ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে মো. শামিম হোসেন (২৭) নামে অপর এক যুবককে আটক করে পুলিশ। ফতেহপুর এলাকার আরিফের মাছের প্রজেক্টের পূর্ব-দক্ষিণ পাশের তুলপাই-গোলবাহার পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ইয়াবার ওজন আনুমানিক ০.১ গ্রাম, মোট ওজন ০.৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় শামিম হোসেনের বিরুদ্ধে কচুয়া থানায় এফআইআর নং-৩৫, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পৃথক অভিযানে এসআই সোহেল খান ও এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানিয়েছে, আটক দুই আসামিকে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
