• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

হাজীগঞ্জে ইয়াবাসহ আটকের পর সাবেক কাউন্সিলরের ৩ মাসের কারাদণ্ড

Bymeghnapost .online

Sep 23, 2026

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাবেক এক পৌর কাউন্সিলরসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন হাজীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর বলাখাল কাজীবাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে ও সাবেক পৌর কাউন্সিলর কাজী নিজাম (৫০), রান্ধুনীমুড়া গ্রামের মৃত সালেহ আহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে মো. নাছির উদ্দিন এবং দক্ষিণ রান্ধুনীমুড়া গ্রামের আহসান উল্যাহর ছেলে মো. মাসুদ হোসেন।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় কাজী নিজামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই ধারায় নাছির উদ্দিনকে চার মাস এবং মাসুদ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের প্রত্যেককে পৃথকভাবে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

এর আগে সোমবার রাতে কাজী নিজামকে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ স্থানীয় কয়েকজন যুবক আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে। এ সময় তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

কাজী নিজাম ২০১০-২০১৫ মেয়াদে হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগেও তিনি মাদক মামলায় আটক হয়ে কারাভোগ করেছেন বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *