চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর থানার জিআর মামলা নং-১৭২/২৫-এ ৩২ কেজি গাঁজা উদ্ধারের মামলার আসামির পক্ষে জামিন আবেদন করায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মেহেদী হাসানকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
আদালতের আদেশে বলা হয়, মামলার হাজতি আসামি সৈকত হোসেনের পক্ষে জামিনের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মেহেদী হাসান।
আদালত নথি পর্যালোচনা করে উল্লেখ করেন, ফৌজদারি বিচার ব্যবস্থায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর দায়িত্ব হলো রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে আদালতকে আইনগত সহায়তা করা। এ অবস্থায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় আসামির পক্ষে জামিন আবেদন করাকে আদালত ‘স্বার্থের সংঘাত’ (Conflict of Interest) হিসেবে উল্লেখ করেছেন।
আদেশে আরও বলা হয়, রাষ্ট্রপক্ষের এপিপি হিসেবে দায়িত্ব পালন করে ৩২ কেজি গাঁজা উদ্ধারের মামলার আসামির জামিন চাওয়া তার পেশাগত দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক।
এ ঘটনায় এপিপি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মেহেদী হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর আদেশের কপি কেন পাঠানো হবে না, সে বিষয়ে পরবর্তী ধার্য তারিখে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে অবগতির জন্য আদেশের কপি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ পিপি বরাবর পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে, মামলার আসামি সৈকত হোসেনের জামিনের অপব্যবহারের আশঙ্কা এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ ধারার অভিযোগ থাকায় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
আদালতের এ আদেশের পর বিষয়টি নিয়ে চাঁদপুরের আইনজীবী মহলসহ সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।
