ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ৪ নম্বর সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা গ্রামের বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে নারিকেল গাছের ডাল কাটার জন্য লোক খুঁজছিলেন রফিকুল ইসলাম। কাউকে না পেয়ে তিনি নিজেই গাছে ওঠেন। নারিকেল গাছের পাতা কাটার পর পাশের বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপর ঢলে পড়েন তিনি। পরে গাছের ওপরেই তাঁর মৃত্যু হয়।
নিহতের মেয়ে জানান, তাঁর বাবা গাছে ওঠার পর একটি পাতা কাটতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁকে কিছুক্ষণ কাঁপতে দেখা যায়। পরে তাঁর নড়াচড়া বন্ধ হয়ে গেলে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, গাছের ওপরেই তাঁর মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় গাছ থেকে নিহতের মরদেহ নিচে নামানো হয়।
৪ নম্বর সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। বিষয়টি পুলিশ ও বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
![]()
