মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট :
সাতটি মামলায় জামিন পাওয়ার পর রাজধানীর পল্টন মডেল থানার একটি হত্যা-চেষ্টা মামলায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, এদিন কারাগার থেকে হেলাল উদ্দিন মিয়াজীকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে পল্টন মডেল থানার হত্যা-চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। তিনি বলেন, হেলাল উদ্দিন মিয়াজী এরই মধ্যে সাতটি মামলায় জামিন পেয়েছেন। এরপরও নতুন করে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
আইনজীবী আরও বলেন, সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে সুপ্রিম কোর্টের রুলসহ নির্দেশনা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাকে গ্রেপ্তার না দেখানোর জন্য আদালতের কাছে আবেদন করা হয়।
তবে শুনানি শেষে আদালত পল্টন মডেল থানার হত্যা-চেষ্টা মামলায় হেলাল উদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলাটির পরবর্তী আইনগত কার্যক্রম আদালতে চলবে।
