গাজী রিয়াজ হোসেন :
যে কোনো পিতাই নিজের কন্যাকে বিপদ থেকে রক্ষা করতে তাৎক্ষণিকভাবে শক্তি প্রয়োগ করতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। এ ক্ষেত্রে বিচারপ্রক্রিয়ার জন্য অপেক্ষা না করে পরিস্থিতির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আত্মরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
পোস্টে মাহবুব কবির মিলন লেখেন, “যে কোনো পিতাই তার কন্যাকে যে কোনো পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পড় বা লাথি মারার ক্ষমতা রাখে, বিচারের অপেক্ষা না করেই। এটা হিট অব দ্য মোমেন্ট। আমি হলেও তাই করব বা আরও বেশি করব।”
নিজের বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিদেশের সামাজিক পরিবেশের উদাহরণ দেন। সিঙ্গাপুরে একটি নির্জন সড়কের যাত্রীছাউনিতে ৫-৬ বছর বয়সী এক শিশুকে একা বসে থাকতে দেখে তার সঙ্গে কথা বলতে এগিয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেন তিনি। ওই সময় তাঁর এক সিঙ্গাপুরপ্রবাসী আত্মীয় তাঁকে পেছন থেকে টেনে সরিয়ে নেন এবং শিশুটির কাছে যাওয়ার বিষয়ে সতর্ক করেন বলে পোস্টে জানান তিনি।
মাহবুব কবির মিলন আরও জানান, অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা তাঁর ভাগ্নিকে ছোটবেলায় আদর করে মাথায় চুমু দেওয়ার পর শিশুটি বিষয়টি তার মাকে জানায়। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনাটি শিশুদের ব্যক্তিগত পরিসর ও শারীরিক স্পর্শ সম্পর্কে সচেতন করে তোলার গুরুত্ব তুলে ধরে।
পোস্টে তিনি বিদেশের শিশু সুরক্ষা, শিক্ষা, আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করেন। তাঁর মতে, অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর বিচার নিশ্চিত না হওয়া এবং অপরাধীদের শাস্তির আওতায় আনার ক্ষেত্রে দুর্বলতা সমাজে অপরাধপ্রবণতা বাড়াতে ভূমিকা রাখে।
দেশের বিচারব্যবস্থা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, অপরাধ করার পর সহজে জামিনে বেরিয়ে আসার প্রত্যাশা অপরাধীদের মধ্যে দায়মুক্তির মনোভাব তৈরি করতে পারে। একই সঙ্গে অপরাধের পুনরাবৃত্তি রোধে জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
ধর্মীয় অনুশাসন ও নৈতিক আচরণ প্রসঙ্গেও নিজের মতামত তুলে ধরেন সাবেক এই অতিরিক্ত সচিব। তিনি বলেন, শুধু নামাজসহ ধর্মীয় আচার পালন করলেই দায়িত্ব শেষ হয় না; সৎকর্ম, ন্যায়বিচার ও মানুষের প্রতি দায়িত্বশীল আচরণও সমান গুরুত্বপূর্ণ। ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি বাস্তব জীবনে সৎ ও নৈতিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
মাহবুব কবির মিলনের পোস্টে শিশুদের সুরক্ষা, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, অপরাধের বিচার এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে নৈতিক আচরণের সম্পর্ক নিয়ে তাঁর উদ্বেগ উঠে এসেছে।
![]()
