শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদনহীন ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের দায়ে জমির মালিক ও ড্রেজার মেশিনের মালিককে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপও বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের রাজারামপুর কর্নপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা ও দণ্ডাদেশ দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অভিযান সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, শাহরাস্তি উপজেলার খেড়িহর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও জমির মালিক মো. আবদুর রহমান এবং মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. ফারুক হোসেন, যিনি অবৈধ ড্রেজার মেশিনের মালিক। তাঁদের মধ্যে আবদুর রহমানকে ১ লাখ টাকা এবং ফারুক হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা আনসার ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
![]()
