মো.মজিবুর রহমান রনি :
চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নার্গিস আক্তার (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর রাতে হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় বিশ্বরোড সংলগ্ন পাটওয়ারী ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালায় পুলিশ। এ সময় ভবনের একটি ভাড়া বাসা থেকে নার্গিস আক্তারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার নার্গিস আক্তারের দেখানো ও শনাক্ত মতে ওই বাসা থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০১ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২০ হাজার ৭০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় নার্গিস আক্তারের স্বামী মো. জুয়েল হোসেন ও মো. শহীদ গাজীকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে জুয়েল হোসেন পলাতক রয়েছেন।
হাজীগঞ্জ থানার এসআই আবু আহম্মেদ চৌধুরী সঙ্গীয় কর্মকর্তা, ফোর্স ও নারী পুলিশ সদস্যদের নিয়ে রাত্রীকালীন কিলো-৬ ডিউটির সময় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) আবদুল মান্নান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
এ ঘটনায় ১ অক্টোবর হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার নার্গিস আক্তারকে একই দিন যথাসময়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ
এদিকে গ্রেপ্তার নার্গিস আক্তার দীর্ঘদিন ধরে বাড়ির মালিক আব্দুল হান্নানের আশ্রয়ে থেকে মাদক ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নার্গিসের মাদক ব্যবসার বিষয়টি ভাড়াটিয়াদের কেউ কেউ বাড়ির মালিককে জানালেও তিনি কার্যকর কোনো ব্যবস্থা নেননি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বাড়ির মালিক আব্দুল হান্নান বলেন, “আমি কোনো মাদক কারবারিকে আশ্রয় দেইনি।”
