মেডিকেল প্রতিবেদক :
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মোঃ আরিয়ান আহমেদ ইমরান (২২) নামে এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মোঃ আমিনুল ইসলাম জানান, রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিয়ান। পরে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার রাত ১২টা ২৫ মিনিটের দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আরিয়ান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাবন্দি ছিলেন। তার হাজতি নম্বর ৪৮৩/২৬। তিনি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল বলেও জানা গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আরিয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিহত আরিয়ান আহমেদ ইমরান বরগুনা জেলার পাথরঘাটা থানার কাঁঠালতলী গ্রামের আব্দুস সালামের ছেলে।
![]()
