চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর সদর নৌ-থানা পুলিশের পৃথক অভিযানে ২৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ২ মণ জাটকা ইলিশ, ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচটি নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে নিয়মিত মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
গত ২৫ অক্টোবর রাতে চাঁদপুর সদর নৌ-থানার আওতাধীন একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযান শেষে জব্দ করা জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মামলার আওতায় থাকা ১৪ জনের মধ্যে চাঁদপুরের দাসাদী এলাকার মো. রসুল আমিন মোল্লা (২৫), পুরানবাজার মধ্য শ্রীরামদী এলাকার মো. ফারুক হাওলাদার (২৫), রামদাসদী এলাকার মো. তাফাজ্জল গাজী (৫০), রাজরাজেশ্বর ইউনিয়নের সরদারকান্দি এলাকার মো. তামিম গাজী (১৯), পুরানবাজার মধ্য শ্রীরামদী এলাকার মো. সাগর দেওয়ান (২০) ও মো. রান্য চৌকিদার (১৯), রামদাসদী এলাকার মো. ইসরাফিল প্যাদা (২৮), দাসাদী এলাকার মো. শামীম হাওলাদার (২০) এবং পুরানবাজার মধ্য শ্রীরামদী এলাকার মো. খোরশেদ দেওয়ান (৪০) রয়েছেন।
এ ছাড়া শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের বুলু সর্দারপাড়া এলাকার মো. আসাদ গাজী (৩৮), মো. লিটন প্রামাণিক (৩৮), আন্নোকাটি এলাকার মো. ছোট্ট মোল্লা (৪৫), শেখসা এলাকার মো. জালাল মিয়া সর্দার (৩৫) এবং কোদালপুর ইউনিয়নের মো. স্বপন (৩৪) রয়েছেন।
![]()
