মেডিকেল প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় দ্রুতগতির ট্রাকের চাপায় মোঃ শামীম (৩৫) নামে এক মুরগির দোকানকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে মুরগি বোঝাই একটি অটোরিকশায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শামীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান জানান, ভোরের দিকে একটি অটোরিকশায় মুরগি নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা শামীম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শামীম পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পূর্ব নন্দীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। বর্তমানে তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।
এসআই মিজানুর রহমান আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
