চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর থানার জিআর মামলা নং-১৭২/২৫-এ ৩২ কেজি গাঁজা উদ্ধারের মামলার এক আসামির পক্ষে জামিন আবেদন করাকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মেহেদী হাসানকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মেহেদী হাসান বলেন, ঘটনাটি প্রায় তিন মাস আগের। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টদের মধ্যে মীমাংসা হয়েছে। এরপরও বিষয়টিকে নতুন করে উপস্থাপন করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, আইনজীবী হিসেবে আদালতে মামলা পরিচালনা ও আসামিপক্ষের আইনগত আবেদন করা আইনগত প্রক্রিয়ার অংশ। একটি পুরোনো ও মীমাংসিত বিষয়কে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অনাকাঙ্ক্ষিত।
তিনি এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ করেন।
