গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর এলাকার দুই ব্যক্তি দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার পর অবশেষে মাদক ছেড়ে ধর্মীয় ও নৈতিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন।
স্থানীয়দের সহযোগিতায় তাদের একাধিকবার মাদকসহ আটক করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছিল বলে জানা গেছে। তবে জামিনে মুক্ত হওয়ার পরও তারা মাদক ব্যবসা থেকে পুরোপুরি সরে আসতে পারেননি।
পরবর্তীতে তাদের মাদক থেকে দূরে রাখতে স্থানীয়দের উদ্যোগে থানায় ডেকে এনে ইসলামিক নৈতিক শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জোহরের নামাজ আদায় করে তারা কচুয়া থানায় এসে অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম আকাশের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা মাদক থেকে সম্পূর্ণভাবে দূরে থাকার পাশাপাশি নিয়মিত নামাজ আদায় ও ধর্মীয় অনুশীলনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা অঙ্গীকার করেন, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রতি মাসে তিন দিনের তাবলিগ জামাতে অংশ নেবেন এবং ভবিষ্যতে কোনো ধরনের মাদক স্পর্শ করবেন না।
এ সময় তাদের অনুরোধে ওসি আজিজুল ইসলাম আকাশের সঙ্গে একটি ছবি তোলা হয়।
স্থানীয়রা জানান, মাদকাসক্ত বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শুধুমাত্র আইনি শাস্তির পাশাপাশি সামাজিক ও নৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। দুই ব্যক্তির এই পরিবর্তনের উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন।
তাদের পরিবারের সদস্য ও স্থানীয়রা আশা করছেন, তারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে মাদকমুক্ত জীবনযাপন করবেন এবং সমাজের অন্যদের জন্যও ইতিবাচক উদাহরণ তৈরি করবেন।
তাদের এই নতুন পথচলা সফল হোক—এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সংশ্লিষ্টরা।
